
শেরপুর : শেরপুরে ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৪ মে) দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের পাশে একটি ছোট ব্রিজের নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর বাজারের ৫০০ গজ উত্তর দিকে অবস্থিত একটি ছোট ব্রিজের নিচে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদল জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের টিমকে খবর দেওয়া হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।