
নালিতাবাড়ী (শেরপুর) : নারী সংক্রান্ত শালিশকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের ছেলেকে মারধর করায় চেয়ারম্যানের দায়ের করা মামলায় আবদুল মান্নান নামে এক ইউপি সদস্যকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
শনিবার (২৭ মে) শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ ওই ইউপি সদস্যকে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এর আগে গত ২৬ মে শুক্রবার বিকেলে মারধরের ঘটনা ঘটে।
সূত্র জানায়, গত ১৭ মার্চ উপজেলার মায়াঘাসি গ্রামের সুরুজ মিয়া তারই ভাতিজা রাসেল এর স্ত্রীকে উত্যক্ত করে। এ নিয়ে ভাতিজার স্ত্রী বাবার বাড়ি গিয়ে চেতনানাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। ১৮ মার্চ বিষয়টি প্রকাশ হয়ে পড়লে প্রথমে পারিবারিক ও পরে ইউপি সদস্য চান মিয়া এবং আলী হোসেন পর্যন্ত গড়ায়। কিন্তু বিষয়টি সুরাহা না হওয়ায় রাতে রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকার ব্যক্তিগত কার্যালয়ে নেওয়া হয়। এসময় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনা সত্য প্রমাণিত হলে ইউপি চেয়ারম্যান খোকা ৫ সদস্যবিশিষ্ট জুরিবোর্ড গঠন করেন। জুরিবোর্ড জরিমানা ধার্য করে চেয়ারম্যানের উপস্থিতিতে উভয়পক্ষে মিমাংসা করে দেন।
এদিকে তৃতীয় পক্ষের ইন্ধনে সুরুজ আলী ২৮ মার্চ ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকাসহ কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। অন্যদিকে সুরুজ মিয়ার ভাতিজা রাসেলও তার স্ত্রীকে উত্যক্ত ও কু-প্রস্তাবের অভিযোগে চাচা সুরুজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
এসব নিয়ে পারিবারিক বিরোধে গত বৃহস্পতি ও শুক্রবার সুরুজ মিয়াকে তারই অপর ভাতিজা শাহজাহানসহ কয়েকজন পথ আটকে হুমকী দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকেলে নাকুগাঁও চারআলী বাজার এলাকায় নয়াবিল ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য ও সুরুজ মিয়ার সমন্ধি আবদুল মান্নানসহ কয়েকজন মিলে ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকার ছেলে রাজিবের পথ আটকে তাকে মারধর করে। এ ঘটনায় খোরশেদ আলম খোকা বাদী হয়ে শনিবার নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে ইউপি সদস্য আবদুল মান্নানকে গ্রেফতার করে পুলিশ। পরে রোববার শেরপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ইউপি সদস্য চান মিয়া জানান, সুরুজ মিয়ার লোকজনই আমাকে জুরিবোর্ডে রেখেছে। সুরুজ মিয়া নিজে তার দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। অন্যান্য সাক্ষী দ্বারাও বিষয়টি প্রমাণিত হয়েছে। চেয়ারম্যান নিজে কোন সিদ্ধান্ত দেননি।
ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা জানান, সুরুজ নিজের দোষ স্বীকার করেছে। বিচার করেছে জুরিবোর্ড। কিন্তু আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। এরপরও কিছু বলিনি। নিজেদের পারিবারিক বিষয়ে শাহজাহান ও সুরুজ মিয়াদের মাঝে ঝগড়া-মারামারি হয়েছে। এ ঘটনায় সুরুজের সমন্ধি মান্নান মেম্বার লোকজন নিয়ে আমার ছেলেকে কেন মরধার করবে? তিনি আরও বলেন, তারা আমাকে এ নিয়ে অনেক হয়রানী করেছে। সম্মানের ভয়ে আমি কাউকে কিছু বলিনি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, খোকা চেয়ারম্যানের ছেলেকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় মান্নান মেম্বারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।