
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন ময়মনসিংহ বন বিভাগের জমিতে নির্মাণাধীন সেমিপাকা দালান ভেঙে দিয়েছে বন বিভাগের লোকজন।
গতকাল রোববার (২৮ মে) দুপুরে মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট অফিসে কর্মরত বিট কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে বিশিগিরিপাড়া গ্রামে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সূত্র জানায়, প্রায় ৫০-৬০ বছর ধরে ময়মনসিংহ বনবিভাগের গোপালপুর বিটস্থ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামে অসংখ্য জমি বিভিন্ন ব্যক্তির দখলে রয়েছে। ওইসব জমিতে বসতবাড়ি গড়ে, চাষাবাদ করে স্থানীয় অনেকেই স্থায়ীভাবে বসবাস করে আসছেন। কিছু জমিতে আবার বন বিভাগের পক্ষ থেকে সামাজিক বনায়ন করা হয়েছে অংশীদারিত্বের ভিত্তিতে। সম্প্রতি শাহজামাল (৬৫) নামে এক বৃদ্ধ ও সামাজিক বনায়নের অংশীদার তার দখলে থাকা অংশের একপাশে একটি সেমিপাকা ঘর উঠাতে শুরু করেন। এতে পারিবারিক ঘটনায় আগে থেকেই প্রতিহিংসাপরায়ন হয়ে জনৈক মমতাজ বেগম বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত করে ওই ঘর উচ্ছেদের নির্দেশনা এলে রোববার গোপালপুর বিট কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে যান। পরে তারা গাছের গুড়ি, লোহার শাবল, হাতুরি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে নির্মাণাধীন সেমিপাকা ঘরটির বিভিন্ন অংশ গুড়িয়ে দেন।

এদিকে একটি স্থানীয় দলিল দেখিয়ে শাহজামাল দেড় একর পরিমাণ ওই জমিটি তার পিতা মৃত আমির হামজা ১৯৮২ সালের ২ জানুয়ারি ৫ হাজার টাকা দিয়ে ওই সময়ের মহেজ আলীর কাছ থেকে ক্রয় করেন বলে দাবী করেন। এসময় তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, পৈত্রিক এ ভিটায় আমি ৫০ বছর ধরে বসবাস করে আসছি। আমার আশপাশে থাকা বনবিভাগের সামাজিক বনায়নের অংশীদারও আমি। এমন অসংখ্য মানুষ বিশিগিরিপাড়ার বিভিন্ন অংশে বন বিভাগের জমিতে বসবাস করছেন, সেমিপাকা ও টিনসেড ঘর তৈরি করে স্থায়ীভাবে বসবাস করছেন। কারও সমস্যা হয় না। আমি সামাজিক বনায়নের অংশীদার হিসেবে যে টাকা পেয়েছিলাম সে টাকা এবং আমার মেয়ের জমানো কিছু টাকা দিয়ে বৃদ্ধ বয়সে একটু ভালোভাবে মাথা গোজার ঠাঁই করছিলাম। এটি আজ ভেঙে দিল।

এলাকাবাসী বিষয়টিকে অমানবিক উল্লেখ করে বলেন, এমন অনেকেই বন বিভাগের জমিতে বসতবাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস করছেন। কারও বেলায় সমস্যা হয় না। শুধুমাত্র শাহজামালের বেলায় সমস্যা।
এ বিষয়ে গোপালপুর বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্র্তৃপক্ষের নির্দেশে আমরা সেমিপাকা ঘরটি ভেঙে দিয়েছি। এসময় তিনি ওই বসতভিটা বন বিভাগের উল্লেখ করে জানান, যে দলিল তারা উপস্থাপন করেছেন তা স্থানীয় দলিল, রেজিস্ট্রি করা নয়।