
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২নং কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মজিদ এর শহরের বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকা চুরি যাওয়ার ২৪ ঘন্টার ব্যবধানে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
একই সাথে তাদের স্বীকারোক্তি আদায় এবং চুরি যাওয়া বেশকিছু মালামালও উদ্ধার করা হয়েছে। চুরির দায়ে গ্রেফতারকৃতরা হলো শহরের আমবাগান মহল্লার আনার উদ্দিনের ছেলে সজিব ওরফে নিগ্রো, শম্ভু এর ছেলে রমজান আলী এবং রুস্তম মোল্লার ছেলে শাওন মোল্লা।
আজ মঙ্গলবার (৩০ মে) রাতে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত শনিবার বিকেলে শহরের আমবাগান মহল্লার বাসা থেকে সপরিবারে গ্রামের বাড়ি চলে যান চেয়ারম্যান আবদুল মজিদ। সোমবার বিকেল চারটার দিকে বাসায় ফিরে তিনি গেইট ভেতর থেকে লাগানো পান। পরে বিকল্প উপায়ে ভেতরে লোক পাঠিয়ে গেইট খুলে ঘরে ঢুকতে গিয়ে দরজার তালা ও ভেতরে আলমীরার তালা ভাঙা দেখেন। এসময় আলমীরায় রাখা প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭৭ হাজার টাকা ও কিছু জিনিসপত্র চুরি হয়েছে বলে নিশ্চিত হন। খবর পেয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বাজারের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে রাতেই চোর চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করলে তাদের গ্রেফতার দেখানো হয় এবং চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়। অন্যান্য মালামাল উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।