
নালিতাবাড়ী (শেরপুর) : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ত্বরান্বিত করতে এবং সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
দলীয় প্রার্থীর পক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের তিনটি আলাদা কমিটি ইতিমধ্যেই মাঠে নেমেছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোশারফের নেতৃত্বে নয়াবিল ইউনিয়নে সম্পন্ন হয় দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী। এসময় নয়াবিলসহ চারটি ইউনিয়নের সাংগঠনিক নেতৃত্বে থাকা টিমের প্রধান হাজী মোশারফ হোসেন দলের নেতাকর্মীদের উজ্জীবিত করে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, তথ্য ও গবেষণা সম্পাদক মুঞ্জুরুল আহসানসহ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
হাজি মোশারফ তার বক্তব্যে বলেন, নালিতাবাড়ীর যতো উন্নয়ন হয়েছে তার বেশিরভাগ মাননীয় সংসদ সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর হাত দিয়েই হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অন্যান্য উন্নয়ন তুলে ধরে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের স্বার্থে আবারও বেগম মতিয়া চৌধুরীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান।