
নালিতাবাড়ী (শেরপুর) : ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্যকে ধারণ করে এবং ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এ শ্লোগান নিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
সোমবার (৫ জুন) উপজেলা প্রশাসন, টিআইবি’র সচেতন নাগরিক কমিটি ও আরডিএস এর যৌথউদ্যোগে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদের গেইট হতে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুম তেপান্তরে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। অন্যান্যের মধ্যে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন খান, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক খন্দকার সালাহ উদ্দিন আলিম, আরডিএস এর ব্যবস্থাপক সাইদুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা পরিচালনা করেন টিআইবি’র সমন্বয়কারী নাজমুল হক। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দ।