
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বজ্রপাতে ষোল বছর বয়সী এক মাদরাসা ছাত্র ও এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার (৯জুন) দুপুরে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বড়ইতার গ্রামে ও চরঅষ্টধর ইউনিয়নের দক্ষিণ নারায়নখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণ নারায়নখোলা গ্রামের কিশোর সাব্বির ও বড়ইতার গ্রামের শিপন মিয়া। সাব্বির কোটেরচর জোনাব আলী দাখিল মাদরাসার নবম শ্রেণিতে পড়াশোনা ও শিপন কৃষিকাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে সাব্বির বন্ধুদের নিয়ে ব্রক্ষ্মপুত্র নদীর পাশে মাঠে ফুটবল খেলতে যায়। খেলার সময় বজ্রপাত ঘটলে সাব্বির আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে কৃষক শিপন মিয়া বৃষ্টির সময় বড়ইতার গ্রামের গোরামারা নদীর পাশে মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।