
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে আগুন লেগে প্রায় ৪০টি দোকান পুড়ে ভস্মীভুত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবী, এতে তাদের প্রায় কোটি টাকার বেশি মালামাল ভুস্মীভূত হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ ঝগড়ারচর বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রীবরদী ও বকশীগঞ্জের ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।
এরশাদের মুদির দোকান, উকিল মিয়ার মুদি ও কসমেটিকের দোকান, বাবুলের ভ্যারাইটিজ স্টোর, কমল উদ্দিনের গার্মেন্টস, আশরাফ আলীর মুদি দোকান, রশিদ মিয়ার ভ্যারাইটিজ স্টোর, ফকির মিয়ার দোকানসহ প্রায় ৪০টি দোকানের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।