
নালিতাবাড়ী (শেরপুর) : স্টেডিয়ামের জন্য সরকারী বরাদ্দের সোলার প্যানেলের মূল্যবান ব্যাটারি ও কন্ট্রোলার চুরির দায় স্বীকার করে কারাগারে গেলেন নালিতাবাড়ী শহরের উঠতি কোটিপতি সাজিত বগুড়া দই ঘরের সত্ত্বাধিকারী সাহাজুল ইসলাম।
গত সোমবার (১৩ জুন) রাতে তাকে শহরের গড়কান্দা এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। সাহাজুল বগুড়া জেলা সদরের শেখেরকুড়া গ্রামের দুদু প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত নালিতাবাড়ীতে একটি সোলার কোম্পানীর ব্যবস্থাপকের দায়িত্ব পালনের পর এখানে বিয়ে করে সোলার, দই ও ডিপার্টমেন্টাল ব্যবসা করে রাতারাতি কোটিপতি হন।
সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকায় গ্রামের হাট-বাজার, বিভিন্ন প্রতিষ্ঠান, স্টেডিয়াম ও রাস্তায় সৌরবাতি দিয়ে আলো জ্বালিয়েছেন। তার এ উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে এবং সংশ্লিষ্ট সোলার কোম্পানীর সুনাম নষ্ট করতে চক্রটি দীর্ঘদিন ধরে সোলার প্যানেল, ব্যাটারি ও কন্ট্রোলার চুরি করে আসছিল।
সবশেষ সোমবার কালাকুমা হাজী আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে থাকা সোলার প্যানেলের ব্যাটারি ও কন্ট্রোলার চুরি হয়। খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরি যাওয়া ব্যাটারি ও কন্ট্রোলারসহ গড়কান্দা এলাকা থেকে সাহাজুল ইসলামকে আটক করেন। পরে চুরির ওই ঘটনায় আকাশ সোলার প্রকল্পের সুপারভাইজার সোহেল রানা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে সাহাজুলকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সাহাজুল নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ শ্বশুর বাড়িতে বসবাস করে ‘রেডি’ নামে একটি সোলার কোম্পানীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে ‘রেডি’ কোম্পানীকে বাদ দিয়ে নিজেই ‘রেডি’র নাম করে সোলারের সরঞ্জাম সরবরাহ করে কয়েক কোটি টাকা বাগিয়ে নেন। পাশাপাশি ‘সাজিত বগুড়া দইঘর’ নামে অনুমোদনবিহীন একটি দই উৎপাদন কারখানা স্থাপন করে বিভিন্ন জায়গায় সরবরাহ করছিলেন। তিনি গড়কান্দায় রুমানা সুপার শপ নামে বড় ডিপার্টমেন্টাল ব্যবসা প্রতিষ্ঠান এবং আড়াইআনী বাজারে চারতলা বাড়ি (নির্মাণাধীন), গেরাপচা বীনা সংলগ্ন নিজস্ব জমি ও অবকাঠামো করে দই কারখানা ইত্যাদি গড়ে তুলেছেন। হালুয়াঘাট শহরেও মূল্যবান জমি কিনেছেন বলেও তথ্য পাওয়া গেছে।
মাত্র কয়েক বছরে তার এ উত্থানের পেছনে সোলার কোম্পানীর সাথে যোগসাজশ করে দীর্ঘদিন সরকারী প্রকল্পে নিম্নমানের মালামাল সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ফলে তার সময়ে গত কয়েক বছরে বাস্তবায়িত প্রতিটি সোলার প্রকল্পেই নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ শতশত। যার ফলে সরকারী প্রকল্প থেকে তাকে সড়িয়ে আকাশ সোলারকে দায়িত্ব দেওয়া হয়। এমতাবস্থায় আকাশ সোলারকে বিতর্কিত করতে সাহাজুল চতূরতার সাথে আকাশ সোলার কর্তৃক বাস্তবায়িত প্রকল্প থেকে ব্যাটারি ও কন্ট্রোলার খোলে নষ্ট এবং মেয়াদোত্তীর্ণ ব্যাটারি ও কন্ট্রোলার স্থাপন করে আসত গোপনে।