
নালিতাবাড়ী (শেরপুর) : যারা মতিয়া চৌধুরীর প্রতিপক্ষ সেজে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন, শেখ হাসিনা তাদের চিনেনই না বলে মন্তব্য করেছেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন।
শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়াপাড়া গ্রামে আওয়ামী লীগ আয়োজিত নালিতাবাড়ী ইউনিয়নের সমন্বয় কর্মী সমাবেশে দলীয় নেতাকর্মীদের মাঝে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।
হাজী মোশারফ বলেন, ‘মতিয়া চৌধুরী বসে থেকে একটি ফোন করে যে কাজ করতে পারবেন, আপনারা আজ থেকে বাকী জীবনেও এ কাজ করতে পারবেন না। এখন যারা আ’লীগের মনোনয়ন প্রার্থী হয়েছেন, শেখ হাসিনা তাদের চিনেনই না। আপনারা যারা এমপি প্রার্থী হয়েছেন, তারা যদি আওয়ামী লীগই করতেন তবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন না, মতিয়া চৌধুরীর বিরুদ্ধে কথা বলতেন না। মতিয়া চৌধুরী উন্নয়ন করেননি এমন কথা বলতেন না। আপনারা আওয়ামী লীগের উন্নয়নকে অস্বীকার করছেন।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ উপ-কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, দফতর সম্পাদক জহুরুল হক, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মুঞ্জুরুল আহসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তব্যকালে সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী বলেন, আমার কাছে যেতে কারও ধর্ণা দিতে হয় না, হবে না। আপনারা যে কোন প্রয়োজনে সরাসরি চলে আসবেন। আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে বেগম মতিয়া চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে উপজেলাজুড়ে তিনটি দলে ভাগ হয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। হাজী মোশারফের নেতৃত্বে প্রথম সভা গত ২ জুন শুক্রবার নয়াবিল ইউনিয়নে সম্পন্ন হয়। আজ তার নেতৃত্বাধীন দলের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় নালিতাবাড়ী ইউনিয়নে।