
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজ সংলগ্ন কালিনগর বাইপাস এলাকায় নির্মাণাধীন গোল চত্বরটি স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ নাজমুল আহসানের নামে নামকরণের দাবীতে মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা।
সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে রোববার (১৮ জুন) দুপুরে নির্মাণাধীন চত্বরটি ঘিরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী অভিজিৎ সাহার সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির আহম্মেদ বাদশা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শহীদ নাজমুল আহসানের ছোট ভাই সাদরুল আহসান মাসুম, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, প্রাক্তন শিক্ষার্থী প্রিন্সিপাল মুনীরুজ্জামান, কলেজের সাবেক ভিপি তৌহিদুল ইসলাম খোকন, প্রাক্তন শিক্ষার্থী আতিকুর রহমান মানিক, তাকিজুল ইসলাম তারা, আবু সা’দাত মুসা, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মনজুরুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষার্থী সাদিয়া জাহান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পৌর শহরের সরকারি নাজমুল স্মৃতি কলেজ সংলগ্ন কালিনগর বাইপাস এলাকায় জেলার সবচে বড় ও দৃষ্টিনন্দন একটি গোল চত্বর নির্মাণ করা হচ্ছে। আমাদের দাবী, এ চত্বরটি স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ নাজমুল আহসানের নামানুসারে ‘শহীদ নাজমুল আহসান চত্বর’ নামকরণ করা হোক।