
নালিতাবাড়ী (শেরপুর) : ‘বনজ-ফলজ-ঔষধি রোপন করব কয়েক কোটি, দেশের বায়ু দেশের মাটি করবো মোরা খাঁটি’ এ শ্লোগনকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলার নয়াবিল বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ কর্মসূচী উদ্বোধন করে গ্রামীণ ব্যাংক নয়াবিল শাখা।
সূত্র জানায়, চলতি বর্ষায় ‘দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩’ এর কর্মসূচী হাতে নেয় দেশের বেসরকারী ও নোবেল বিজয়ী উন্নয়ন সংস্থা গ্রামীণ ব্যাংক। এ কর্মসূচীর আওতায় দেশের সবক’টি শাখা থেকে শুরু হয়েছে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপন। এরই অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক নয়াবিল শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির সদস্যদের মাঝে আম্রপালি, কাজি পেয়ারা ও ইউক্যালিপ্টাস মিলে মোট ৪টি করে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে নয়াবিল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি সাখাওয়াত হোসেন, গ্রামীণ ব্যাংক নয়াবিল শাখার ব্যবস্থাপক সোলায়মান আলী, সহ-শাখা ব্যবস্থাপক জাহেদুল আলম খান, কর্মকর্তা শিরিন সুলতানা, জাহাঙ্গীর হোসেন, মোশারফ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গ্রামীণ ব্যাংক সূত্র জানায়, নয়াবিল শাখার আওতায় ৫ হাজার ৮৩৩ জনের মাঝে প্রায় ৩৫ হাজার চারা এ কর্মসূচীর আওতায় বিতরণ করা হবে।