
নকলা (শেরপুর) : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রান্ত্যুনালে বিচারাধীন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান তারাকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
গতকাল (২১ জুন) বুধবার ময়মনসিংহ কোতোয়ালী থানার ধোপাখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নকলা পৌর শহরের কুর্শা বাদাগৈর এলাকার মৃত ময়েজ উদ্দিন আহম্মদের ছেলে।
র্যাব জানায়, মোখলেছুর রহমান তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীতে যোগ দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে সহযোগিতা করেন।
তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে নকলা এলাকায় স্বাধীনতাকামী নিরীহ বাঙ্গালিদের আটক, নির্যাতন, অপহরণ, হত্যা, লুটপাট, ঘরবাড়ি লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও গণহত্যার সাথে জড়িত থেকে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেন। এরই প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ মামলা হলে ট্রাইব্যুনাল অভিযুক্তের বিরুদ্ধে ২০১৬ সালে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি আত্মগোপনে চলে যান। এ সময় তিনি গ্রেফতার এড়াতে নিজ এলাকা ত্যাগ করে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিলেন। আত্মগোপনে থাকাকালীন তিনি সাধারণত জনসমাগম স্থান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও তার ব্যক্তিগত পরিচয় প্রকাশ পায় এমন সব স্থান এড়িয়ে চলতেন।
র্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত মোখলেছুর রহমান তারাকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।