
মুঞ্জুরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) : ২০২২ সালে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও উপজেলায় নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল রিছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ, পৌর মেয়র আবুবকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল।
অন্যান্য অতিথির মধ্যে সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাশিদা বেগম উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবির, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এতে অংশ নেন।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে বৃত্তিপ্রাপ্ত ১৮৮ জন শিক্ষার্থী ও উপজেলায় নতুন নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। রাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি সঙ্গীত পরিবেশন করেন।
এর আগে ১৫১ সদস্য বিশিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।