
নালিতাবাড়ী (শেরপুর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈমান আমাদের থেকেও বেশি শক্ত এবং সে জন্যই আল্লাহ তাঁকে পুরস্কৃত করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।
শনিবার (২৪ জুন) দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে শিক্ষা প্রণোদার অর্থ বিতরণকালে গাছগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, বালা-মুসিবত, অসুখ-বিসুখ আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন আল্লাহ ভক্ত এবং তাঁর ঈমান আমাদের থেকে বেশি শক্ত। কাজেই আল্লাহ তাঁকে পুরস্কৃত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পৃথিবীটা কম্পিটিশনের যুগ। যে চেষ্টা করবে সে এগিয়ে যাবে। যে চেষ্টা করবে না সে পেছনে পড়ে যাবে। সাধারণ মানুষের ছেলে-মেয়েরা যাতে একটু চেষ্টা করলে আরও উপরের দিকে উঠে সেটাই আমার টার্গেট এবং সে লক্ষ্যেই অনুদান দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের প্রণোদনা দিলে তারা পড়ালেখায় আরও উৎসাহ পায় এবং ভালো করে।
এদিন তিনি নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রাথমিক ও এবতেদায়ী এবং মাধ্যমিক ও সমপর্যায়ের (দাখিল) মেধাবী মোট ৯ হাজার ৭৫৬ জন শিক্ষার্থীর মাঝে এক হাজার করে সর্বমোট ৯৭ লাখ ৫৬ হাজার টাকা শিক্ষা প্রণোদনা হিসেবে বিতরণ করেন।
এর আগে সকালে তিনি নকলা উপজেলার উরফা ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রণোদনার অর্থ বিতরণ করেন।
এসময় তার সাথে সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল রায়হানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টিআর, কাবিখা ও কাবিটা’র বরাদ্দ হতে ৩য় শ্রেণির টপ টুয়েন্টি, ৪র্থ শ্রেণির টপ ফাইভ, ৫ম শ্রেণির টপ টুয়েলভ, ৬ষ্ঠ শ্রেণির টপ টুয়েন্টি, ৭ম শ্রেণির টপ টুয়েন্টি, ৮ম শ্রেণির টপ টেন এবং ৯ম শ্রেণির টপ টুয়েন্টি শিক্ষার্থীর মাঝে এ অর্থ বিতরণ ছাড়াও স্বেচ্ছাধীন তহবিল থেকে ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪লাখ টাকা বিতরণ করেন।
গেল রমজানে প্রথম, দ্বিতীয় ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে এক হাজার করে টাকা শিক্ষা প্রণোদনা হিসেবে বিতরণ করেছিলেন মতিয়া চৌধুরী।