1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে ইউপি’র প্রাচীর ভাংচুর, অফিস কক্ষের তালা বিকল করেছে দূর্বৃত্তরা

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুন, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০নং যোগানিয়া ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে দূর্বৃত্তরা। একই সাথে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও উদ্যোক্তার কক্ষের দরজায় লাগানো তালায় বালু ও সুপার গ্লু ঢুকিয়ে অকেজো করা হয়েছে। ফলে কক্ষগুলোতে প্রবেশ করতে না পারায় দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (২৮ জুন) ভোররাতে শহরের দক্ষিণ বাজারস্থ ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ইউপি কর্তৃপক্ষ জানায়, শহরের দক্ষিণ বাজার তিন রাস্তার মোড়ে অবস্থিত ১০নং যোগানিয়া ইউনিয়ন পরিষদ। সামান্য জায়গায় জরাজীর্ণ ঘরে দূর্ভোগ নিয়েই পরিষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়। চেয়ারম্যানের জীর্ণ-শীর্ণ একটি কক্ষ থাকলেও ইউপি সদস্যদের বসার জায়গা সেখানে সংকুলান হয় না। এমতাবস্থায় ইউপি সদস্যদের বসার ব্যবস্থা করতে এবং গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করতে রাস্তা পাশে সীমানা প্রাচীর সংলগ্ন সামান্য জায়গায় একটি চালাঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গতকাল মঙ্গলবার ঘর নির্মাণকালে কতিপয় যুবক এতে বাঁধা প্রদান করে। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসন পর্যন্ত গড়ালে ঘর প্রশাসনের নির্দেশে নির্মাণকাজ স্থগিত রাখা হয়।

এদিকে বুধবার ভোর রাতে কতিপয় দূর্বৃত্ত শহরের ব্যস্ততম ও প্রধান সড়কের পাশে থাকা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে ফেলে। সকালে ইউপি চেয়ারম্যান, সদস্য ও উদ্যোক্তা দাপ্তরিক কাজ করতে পরিষদে এলে বিষয়টি তাদের নজরে আসে। এরপর দরজা খুলতে গেলে চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তার কক্ষের দরজার তালায় বালু দিয়ে ভরাট করে তা সুপার গ্লু দিয়ে অকেজো করা অবস্থায় পাওয়া যায়। এমতাবস্থায় ওইসব কক্ষে প্রবেশ করতে না পেরে বিষয়টি উপজেলা এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়। বন্ধ রাখা হয় দাপ্তরিক কার্যক্রম। ফলে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা নাগরিকরা।

ইউপি সদস্যরা জানান, আমাদের বসার জায়গা নেই। গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারি না। তাই আমরা একটি চালাঘর নির্র্মাণ করতে চেয়েছিলাম। ঘর নির্মাণে বাধা দিয়ে এখন আমাদের অফিসগুলোর তালা অকেজো করা হয়েছে। ফলে আমরা সেবা দিতে পারছি না।

উদ্যোক্তা শেখ ফরিদ জানান, আমার কক্ষের দরজার তালা নষ্ট করে ফেলা হয়েছে। এখন তালা খোলতে পারছি না। তাই মানুষের চরম ভোগান্তি হচ্ছে। তিনি আরও বলেন, ঈদের ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি বেড়াতে আসেন। এসময় নাগরিকত্বসহ নানা ধরণের সনদ ও কাগজপত্র মানুষ নিতে আসেন। অফিসের তালা নষ্ট করে রাখায় এখন আমি কাজ করতে পারছি না।

এ বিষয়ে যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কতিপয় যুবক আমাদের ঘর নির্মাণে বাধা প্রদান করে সেখানে অটো স্ট্যান্ড করার কথা জানায়। সকালে গিয়ে দেখি, আমাদের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। ঘর নির্মাণের সরঞ্জাম নেই। অফিস কক্ষের দরজার তালাগুলো বিকল করে দেওয়া হয়েছে। এতে আমাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল রিছিল জানান, ইউনিয়ন পরিষদ স্থানান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমানে যেখানে রয়েছে সে জমিটি খাস তালিকাভুক্ত। ফলে এ জমিটি ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত হবে না পৌরসভার আওতাভুক্ত হবে তা জানতে ভূমি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এলে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত পরিষদের কার্যক্রম পরিচালনার বিষয়ে জানতে চাইলে তিনি কোনপ্রকার মন্তব্য না করে ঈদের পর বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com