
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার (৩ জুলাই) রাতে উপজেলার চরকয়ৈা উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, রোববার বিকেল ছয়টার দিকে চরকৈয়া উত্তরপাড়া গ্রামের ওই কন্যা শিশু খেলাধূলা শেষে তাদের মনোহরী দোকানের পেছনে রাখা চৌকিতে শোয়েছিল। এসময় জাহাঙ্গীর সেখানে ঢুকে শিশুটির সাথে শোয়ে পড়ে এবং তাকে যৌন নিপীড়ন করে। এতে ওই শিশু কান্নাকাটি শুরু করলে জাহাঙ্গীর পালিয়ে যায়। পরদিন সোমবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ জাহাঙ্গীরকে গ্রেফতার করে। তবে পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীরকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরের পরিবার।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ।