
শেরপুর : শেরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ মামার হামলায় ভাগ্নে শাহজামাল (৩৫) খুন হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মামা ও মামীসহ তিন জনকে।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গেরামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহজামাল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। আহতরা হলেন- নিহত শাহজামালের ছোট ভাই নূর হোসেন (১৮) ও ছোট বোন জামাই তরিকুল ইসলাম (২৬)। তারা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে চান্দেরনগর গেরামারা গ্রামের চাঁন মিয়ার সঙ্গে তার নিকটাত্মীয় মোফাজ্জল হোসেন ও মিয়ার উদ্দিনের বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে চাঁন মিয়া বিরোধপূর্ণ সীমানায় একটি গাছ লাগান। এর জের ধরে মঙ্গলবার সকাল ৭টার দিকে চাঁন মিয়ার ছেলে শাহজামালের সঙ্গে তারই চাচাতো মামা মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে শাহজামালের ওপর হামলা করে। এতে শাহজামাল গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে মামা মোফাজ্জল, মামী মঞ্জুরা বেগম ও মামাতো ভাবী রেদুয়ানা আক্তারকে আটক করা হয়েছে। অন্যদের আটকের পুলিশের অভিযান চলছে।