
শেরপুর: শেরপুরে কৃষক শাহ জামালকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী রাজ্জাক ওরফে বঙ্গা (৪৮) কে গ্রেফতার করেছে র্যাব- ১৪।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নকলা উপজেলার আনন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত মঙ্গলবার সকালে শেরপুর সদর উপজেলা চান্দেরনগর গেরামারা গ্রামে সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে শাহ্ জামালকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় নিহতের বাবা চান মিয়া বাদী হয়ে এজাহার নামীয় ১৬ জন ও অজ্ঞানামা আরও ৬-৭ জনকে আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তিন জনকে তাৎক্ষণিক থানা পুলিশ গ্রেফতার করলেও মামলার অন্য আসামীরা পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় র্যাব-১৪ জামালপুর ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে আসামীর অবস্থান সনাক্ত করে বৃহস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার নেতৃত্বে নকলার আনন্দ বাজার এলাকা থেকে রাজ্জাক ওরফে বঙ্গাকে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতকে শেরপুর সদর থানায় সোর্পদ করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।