
শেরপুর: সীমান্তবর্তী জেলা শেরপুরসহ আরও সাত জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।
শেরপুরে নিয়োগপ্রাপ্ত নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম (উপসচিব) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও মেহেরপুর, জামালপুর, মুন্সীগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
এর আগে গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরগুনা, যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, সিলেট ও কুষ্টিয়া জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।