
মুনজুরুল ইসলাম : হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ইনজামুল ইসলাম উৎসবের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানব বন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার ১১ জুলাই) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের মহাসড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক নুরুজ্জামানের নেতৃত্বে মানব বন্ধন চলাকালে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী জানিয়ে বক্তব্য রাখেন- শিক্ষার্থী লাবিব, শাওন, আল রাব্বিসহ অন্যরা।
এসময় তারা বলেন, গত ৬ জুন বৃহস্পতিবার প্রতিদিনের মতো ফোটন কোচিং সেন্টার থেকে পড়াশোনা শেষে রাত আটটার দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি যোগানিয়া বাইটকামারী যাচ্ছিল ইনজামুল। এসময় তার পিতা তাজুল ইসলামের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসার জেরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ ফজলুর রহমানের নির্দেশে তার স্ত্রী, ছেলেসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইনজামুলের পথ রোধ করে। পরে ইনজামুলকে এলোপাথারি বেধড়ক মারধর করে এবং কোপায়। এতে মাথা ও দুই পা’সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হয় ইনজামুল। এসময় তার চিৎকার-চেচামেচিতে আশপাশের লোকজন উদ্ধার করে। পরে তাকে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বক্তারা আরও জানান, হত্যার উদ্দেশ্যে হামলা, টাকা চুরি ও প্রাণ নাশের হুমকীর ঘটনায় কলেজ ছাত্র ইনজামুলের পিতা তাজুল ইসলাম বাদী হয়ে গত ৯ জুলাই নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার প্রায় একমাস পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি আসামীদের কেউ।
জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা