শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার পূর্ব ঝিনিয়া গ্রামে। এ নিয়ে ওই শিশুর পিতা বাদী হয়ে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত একই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হোসাইন ওরফে ফকির উদ্দিন (১৬) পলাতক রয়েছে। ওই শিশু স্থানীয় একটি নূরানী মাদরাসায় পড়াশোনা করে।
পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে শিশুটি মাদরাসা থেকে বাড়িতে আসে। ভিকটিমের মা অন্য বাড়িতে থাকার সুবাদে পাশের বাড়ির হোসাইন ওরফে ফকর উদ্দিন ফাঁকা বসত ঘরে প্রবেশ করে ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এসময় পরিবারের লোকজন ঘটনাস্থলে আসলে অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় হোসাইন ওরফে ফকর উদ্দিনকে আসামী করে বুধবার রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে।
থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, বৃহস্পতিবার সকালে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে।