
নালিতাবাড়ী (শেরপুর) : সবার সহযোগিতা নিয়ে শেরপুর জেলার সংসদীয় তিনটি আসনে সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চান শেরপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুম মেঘমালায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এমন প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যকালে জেলা প্রশাসক বলেন, জাতীয় নির্বাচনে সবার সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে আমরা এ জেলায় খুব সুন্দর একটি নির্বাচন করতে চাই। সেক্ষেত্রে আমরা অবশ্যই সম্মিলিতভাবে একসাথে কাজ করব। এ জেলাকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে লক্ষ্যেই আমরা সবাই একসাথে কাজ করব। আমি, সকলের আন্তরিক সহযোগিতা চাই। আমার দুয়ার আপনাদের জন্য সবসময় উন্মুক্ত।
তিনি আরও বলেন, কোন নেগেটিভ বিষয়ে শিরোনাম আমরা এ জেলাকে করতে চাই না। যে কোন সমস্যা আসবে, চ্যালেঞ্জ আসবে; আমরা সবাই মিলে সেটা মোকাবেলা করতে একসাথে, একযোগে কাজ করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল রায়হানা ইয়াসমিন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, আশুরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণীসহ সকল দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম নকলায় মতবিনিময় সভা করেন। গত ২৪ জুলাই তিনি শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।