
শেরপুর : উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাতে বারণ করায় মোহাম্মদ আলী ওরফে মিন্না শেখ নামে এক রিকশাচালকে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত রাতে শেরপুরের পশ্চিম শেরি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার চিকিৎসাধীন অবস্থায় ওই রিকশা চালকের মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলী ওরফে মিন্না শেখ (৫৫) একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে মিন্না শেখের ঘরের পাশে একই এলাকার কবির, কবিরের ছেলে রাজিব ও রাজনসহ একদল যুবক উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন। এসময় মিন্না শেখ তাদের উচ্চ শব্দে গান বাজানো নিষেধ করলে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে মিন্না শেখের ওপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর সদর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পর নিহতের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল। এসময় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনার কথাও জানান তিনি।