
বান্দরবান: পার্বত্য জেলা বান্দরবানে টানা ২দিন ভারি বর্ষণে বান্দরবানেও দেখা দিয়েছে পাহাড় ধ্বসের আশঙ্কা। ফলে পাহাড় ধ্বসে ক্ষয় ক্ষতি এড়াতে ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জানমাল রক্ষার্থের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে বান্দরবান পৌরসভার।
শুক্রবার (৪ আগস্ট) সকাল থেকে মাইকিং শুরু করছে বান্দরবান পৌরসভা। বিভিন্ন উপজেলায় মাইকিংসহ স্থানীয়দের সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
বান্দরবান আবহাওয়া পর্যবেক্ষণাগার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, গত ২৪ঘন্টায় বান্দরবানে ৯৬মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারনে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
বান্দরবানের মৃত্তিকা ও পানি সংরক্ষণ কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পার্যন্ত ৩৫মিলিমিটার এবং ৪ আগস্ট সকাল ৯টা পর্যন্ত ৯৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত পরিমানে পাহাড় কাটার ফলে পাহাড়ে মাটির ওপরের রক্ষাস্তর সরে গিয়ে ভেতরের নরম অংশ বেরিয়ে আসে। এর ফলে ভূমিক্ষয়ের মাধ্যমে পাহাড়ে ফাটল তৈরি হয়। এ অবস্থায় বর্ষার ভারী বর্ষণে পাহাড়ের ফাটলে পানি ঢুকে পাহাড় ধস হয়। এছাড়া পাহাড় ধসের অন্যতম কারন হচ্ছে ভূমিকম্প, নির্বিচারে বৃক্ষনিধন এবং অতিবৃষ্টি অন্যতম। চলতি বছর এখনো একনাগারে বৃষ্টিপাত হচ্ছে না। তাই পাহাড়ি পাদদেশে বসবাসকারীদের ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে সরে যেতে জানান এই কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা য়ায়, বান্দরবান সদর উপজেলার কালাঘাটা, কাসেমপাড়া, ইসলামপুর, বনরূপাপাড়া, হাফেজঘোনা, বাস স্টেশন এলাকা, স্টেডিয়াম এলাকা, নোয়াপাড়া, কসাইপাড়া, রুমা উপজেলার হোস্টেলপাড়া, রনিনপাড়া, লামা উপজেলার হরিনমারা, তেলুমিয়া পাড়া, ইসলামপুর, গজালিয়া, মুসলিম পাড়া, চেয়ারম্যানপাড়া, হরিণঝিড়ি, টিঅ্যান্ডটি এলাকা, সরই, রুপসীপাড়া, নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তরপাড়া, বাইশফাঁড়ি, আমতলী, রেজু, তুমব্রু, হেডম্যানপাড়া, মনজয় পাড়া, দৌছড়ি, বাইশারীসহ সাতটি উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে অপরিকল্পিতভাবে বসতি গড়ে তুলেছে প্রায় ৩০ হাজারেরও অধিক পরিবার।
বান্দরবান পৌরসভা বালাঘাটা এজাহার মিয়া ঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী আব্দুর রশিদ জানান, সমতল জায়গা দাম কিন্তু চড়া। তাই কম দামে পাহাড় থেকে জায়গা কিনেছি। ঝুঁকি আছে জেনেও পাহাড়ের নিচে একটু জায়গা সমান করে পরিবার নিয়ে কোনরকমে বসবাস করছি।
আরেকজন ইসলাম পুর এলাকার পাহাড়ের পাদদেশে বসবাসকারী রহিমা আক্তার বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ। কোনরকম দু’মুঠো ভাত খেয়ে বেঁচে আছি। বৃষ্টি পড়লে রাত্রে ভয়ে ঘুম ভেঙে যায়। তবুও ঝুঁকিতে পরিবার-পরিজন নিয়ে বাধ্য হয়েই পাহাড়ে উঁচুতে বসবাস করছি।
তথ্য অফিস সুত্রে জানা য়ায়, গত ৫ বছরে বান্দরবানে পাহাড় ধ্বসে ২১ জন নিহত হন। তাদের তথ্যমতে, ২০১৭ সালের ১৩ জুন সদরের কালাঘাটায় ৭, রুমা সড়কে ২৩ জুলাই ৫, ২০১৮ সালের ৩ জুলাই কালাঘাটায় ১ ও লামায় ৩, ২০১৯ সালের ১৪ জুলাই লামাতে ১, ২০২০ সালের ১ সেপ্টেম্বর আলীকদমের মিরিঞ্জা এলাকায় ১ ও ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সাইঙ্গ্যা ঝিরিতে একই পরিবারের ৩ জন।
বান্দরবান সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে এবং যেসব স্থানে ঝুঁকি রয়েছে সেখানেও পরিদর্শন করেছি।
বান্দরবান জেলা প্রশাসনের নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা আছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা সকল বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইতোমধ্যে প্রতিটি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনওকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সচেতনতা বৃদ্ধি করতে অত্র এলাকায় মাইকিং করা হচ্ছে। এছাড়া চলতি বছরে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত জেলায় পাহাড় ধসে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।