
নালিতাবাড়ী (শেরপুর) : বাল্যবিয়ের আয়োজন করে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হয়ে দশ হাজার টাকা জরিমানা গুণেছেন কনের বাবা প্রান্তিক চাষী আব্দুল সালাম। গত শুক্রবার (১১ আগস্ট) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ডহরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, শুক্রবার উপজেলার ডহরিয়াপাড়া গ্রামের প্রান্তিক চাষী আব্দুল সালাম তার নবম শ্রেণি পড়ুয়া ষোল বছর চার মাস বয়সী কন্যাকে রাজনগর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে লাল চাঁনের সাথে বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে রাতে ভ্রাম্যমাণ আদালত নিয়ে কনের বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। ভাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কেউ কেউ সটকে পড়লেও কনের বাবাসহ বিয়েতে আসা অনেকেই রয়ে যান। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে কনের বাবা আব্দুল সালামকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে কনের বাবার কাছ থেকে বাল্যবিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা আদায় করা হয়।