
নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর তারানী ও নাকুগাঁও এলাকায় বাংলাদেশ-ভারত জিরো পয়েন্টে বালু উত্তোলনের জন্য অবৈধভাবে বসানো ১০টি মিনি ড্রেজার অকার্যকর করা হয়েছে।
গত রোববার ও সোমবার (১১ ও ১২ সেপ্টেম্বর) গভীর রাতে বালু উত্তোলনকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অকার্যকর করে উপজেলা প্রশাসন।
সূত্র জানায়, একদিকে চলতি বাংলা সনে এখনো পর্যন্ত ভোগাই নদীর নির্দিষ্ট বালু মহাল ইজারা সম্পন্ন হয়নি। অন্যদিকে বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক শুন্য রেখার কাছে বালু উত্তোলনও সম্পূর্ণ অবৈধ। এরপরও কতিপয় অসাধু বালু উত্তোলনকারী রাতের আধারে ভারত-বাংলাদেশের শুন্য রেখায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে নাকুগাঁও এলাকায় ভারতীয় শুন্য রেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় ৩টি শ্যালুচালিত মিনি ড্রেজার অকার্যকর করা হয়।
পরদিন সোমবার মধ্যরাতে পাশেই তারানী এলাকায় ভারতীয় শুন্য রেখার কাছ থেকে কতিপয় বালু উত্তোলনকারী বালু উত্তোলনের প্রস্তুতি নেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৭টি শ্যালুচালিত মিনি ড্রেজার অকার্যকর করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।