
নালিতাবাড়ী (শেরপুর) : হেরোইনসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতারের ঘটনা শেরপুরের নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
জানা গেছে, গত ৫ ডিসেম্বর রাতে পৌর শহরের কালিনগর মহল্লায় পরিত্যক্ত একটি ছাপরা ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ অভিযান চালায়। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ৫ পুড়িয়া হেরোইন জব্দ ও তাদের গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শনিবার রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন, ফরিদ আলম ৫ আগস্টের পর ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী করার হুমকী দেওয়াসহ নানা অজুহাতে চাঁদাবাজী করে আসছিল। আওয়ামী লীগ সরকারের পতনের আগেও সে তার এলাকায় বিভিন্ন সময় সুযোগ পেলে চাঁদাবাজী করতো।