
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের বদলির খবরে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণ। রোববার বদলি প্রত্যাহার করে পুনর্বহালের দাবিতে উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানবন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, জুলাকার নাঈন, শরিফুল হাসান রানা, আশরাফুল ইসলাম সোহান, আবিদা সুলতানা, আফরিন ডানা, মাশহুরা তাবাসসুম কাশফিয়া বক্তব্য রাখেন।
গত ৫ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ঈশ্বরগঞ্জ উপজেলায় বদলি করা হয় হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদকে। গত শনিবার প্রজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ভালুকা থেকে বদলি হয়ে হালুয়াঘাট উপজেলায় যোগদান করেন ইউএনও এরশাদুল আহমেদ। যোগদান করে অল্প সময়েই ভালো কাজের মাধ্যমে সাধারণ মানুষের মনে জায়গা করে নেন তিনি।
এসময় বক্তারা বলেন, এই ইউএনও স্যার হালুয়াঘাটে ভালো ভালো কাজ করছিল। হালুয়াঘাটের উন্নয়নের স্বার্থে আমরা ইউএনও স্যারকে পুনর্বহাল চাই। আজকের ভিতর বদলি প্রত্যাহার না হলে উপজেলার জুরুরি জিনিস ব্যতীত সকল দোকান বন্ধ থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, মানবন্ধন এর ব্যাপারে আমি অবগত নই।