
বাংলার কাগজ ডেস্ক : সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদের আগাম জামাত অনুষ্টিত হয়েছে। ঝিনাইদহের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জেলার হরিণাকুন্ডু পৌরসভার বল ফিল্ডের সামনেসহ চারটি স্থানে রোববার (৩০ মার্চ) সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের এমন ধারা গত ২৪ বছর ধরে চলে আসছে। এ সময় ঈদ জামাতের ইমামতি করেন মো. রেজাউল ইসলাম।
হরিণাকুন্ডু পৌরসভার বলফিল্ডের সামনে ভালকি, নিত্যনন্দনপুর, কালীগঞ্জের বারোবাজার ও সদর উপজেলার একটি অংশের মুসল্লিরা পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ পালনের বিষয়ে তাদের নিজস্ব বিশ্বাস রয়েছে।
পিরোজপুর : পিরোজপুরের তিন উপজেলার ১০ গ্রামের ৮ শতাধিক পরিবার। রোববার (৩০ মার্চ) সকালে ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করে ওই সব পরিবার।
শরিয়তপুরের শুরেশ্বর দরবার শরীফের মুরিদ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরাজ খন্দকার একদিন আগে ঈদুল ফিতর উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সকাল ৮টায় পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল সাড়ে ৮টায় মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল-আমি মসজিদে সকাল ৮টায় এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খন্দকার বাড়িতে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
জানা যায়, শরিয়তপুরের নড়িয়া উপজেলার শুরেশ্বর গ্রামের হজরত মাওলানা আহমেদ আলী শুরেশ্বর পীরের অনুসারীরা ১৫০ বছর ধরে প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওইসব পরিবার আজ ঈদুল ফিতর উদযাপন করছে বলে তারা জানান।
সাতক্ষীরা : সাতক্ষীরার ২৫টি গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। রোববার (৩০ মার্চ) সকালে জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করা হয়। সেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।
ঈদের নামাজে ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ প্রায় ২০ গ্রামের মুসল্লিরা অংশ নেন। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।
স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও রোববার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টির আশায় দিনটি উদযাপন করেন।