1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপ-২০২৬ এর শেষ ৩২-এর নকআউট লড়াইয়ে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল জাপান। দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার তাকেফুসা কুবো চোট কাটিয়ে উঠতে না পারায় এই গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারবেন না।

বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। তবে তারকা খেলোয়াড়কে ছাড়াই ব্রাজিলকে হারিয়ে নতুন ইতিহাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

দলের সঙ্গে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফরে না গিয়ে কুবো ন্যাশভিলে জাপান দলের ঘাঁটিতেই ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। রোববার (২৮ জুন) সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনেও তাকে মূল দলের বাইরে আলাদা করে ফিটনেস ট্রেনিং করতে দেখা যায়।

পরে সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু বলেন, ‘সে এখনো শুধু ব্যক্তিগতভাবে দৌড় ও অনুশীলন করছে। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না। আমরা চাই সে দ্রুত সুস্থ হয়ে উঠুক, সেও সেটাই চায়।’

তবে কুবোর অনুপস্থিতি সত্ত্বেও ব্রাজিলকে হারিয়ে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন জাপানের কোচ।

মোরিয়াসু বলেন, ‘বিশ্ব ফুটবলে ব্রাজিল শীর্ষ সারির দল, আর জাপান সেই অবস্থানে নেই— এটাই বাস্তবতা। আমরা বিশ্বকাপ জিততে চাই, যদিও আগে কখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘অনেকে আমাদের আন্ডারডগ বলবে। আমরা প্রতিপক্ষকে সম্মান করি। কিন্তু গত বছরও আমাদের জয়ের সম্ভাবনা কেউ দেখেনি। তবুও আমরা জিতেছিলাম। এবারও ইতিহাস বদলানোর সুযোগ আছে। আমরা বিশ্বাস করি, সেটা সম্ভব।’

নকআউট ম্যাচ হওয়ায় টাইব্রেকারের সম্ভাবনাও মাথায় রাখছে জাপান। ২০২২ বিশ্বকাপে টাইব্রেকারে বিদায়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই পেনাল্টি নেওয়ার ক্রম নির্ধারণ করবেন বলে জানিয়েছেন মোরিয়াসু।

তিনি বলেন, ‘যদি মনে হয় ম্যাচ টাইব্রেকারে গড়াতে পারে, তাহলে খেলোয়াড়দের স্বেচ্ছায় নয়, আমিই ঠিক করে দেব কে কোন ক্রমে পেনাল্টি নেবে।’

সূত্র: ইএসপিএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com