
বাংলার কাগজ ডেস্ক : বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।
এদিকে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (০৩ এপ্রিল) ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ড. খলিলুর রহমান। আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এই বৈঠক হবার কথা রয়েছে। তবে সুনির্দিষ্ট সময় জানা যায়নি।
ভারতের পক্ষ থেকে মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারের কূটনৈতিক পত্রের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দেয়া হয়। দিল্লীর এক কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানান, বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলে কূটনৈতিক নোট গত মাসে দেয় অন্তর্বর্তী সরকার।