
হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের কারও নাম-পরিচয় এখনো জানা যায়নি। এদিকে গুরুতর আহত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাখরনখর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় ৪ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও পাঁচজন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে নিহতদের মরদেহ হবিগঞ্জ উপজেলা হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, বাড়ির মালামালসহ পিকআপটিতে ১৬-১৭ জন যাত্রী ছিলেন। ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।