
মনিরুল ইসলাম মনির : হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্তপথে গেল বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে অবৈধ পথে ভারতে পালিয়ে গেছে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য জুয়েল আরেং। একই পথে ভারতে পালিয়ে গেছে দেশের বহু আওয়ামী লীগ নেতা। সবশেষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টাকারী ছাত্রলীগ নেতা ফয়সল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান এবং মোটরসাইকেল চালক আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছে এ পথেই। এরমধ্যে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা এবং ওসমান হাদির শুটার ও তার সহযোগী এ পথে ভারতে পালিয়েছে এক সময়ের উলফা সদস্য ও পরবর্তীতে মানব পাচারকারী এবং চোরাকারবারী ফিলিপ স্নাল এর সহযোগিতায়।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক নয়টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় বর্তমান সময়ে আলোচিত শীর্ষ এই দুই সন্ত্রাসী। বিষয়টি সরকারীভাবে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত না করলেও অনুসন্ধানকালে সীমান্তের বিভিন্ন সূত্রের দাবী অনুযায়ী, শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে অপরিচিত যে দুই ব্যক্তি মুখ ঢেকে ফিলিপের মাধ্যমে ভারতে প্রবেশ করেছে তারাই ওসমান হাদীর ওপর গুলি বর্ষণকারী ও সহযোগী বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে অনুসন্ধানকালে জানা গেছে, ফিলিপ স্নাল একসময় ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর সক্রীয় সদস্য ছিল। পরবর্তীতে বাংলাদেশে উলফার তৎপরতা বন্ধ হয়ে গেলে ফিলিপসহ স্থানীয় ৮-১০ জনের একটি সিন্ডিকেট জড়িয়ে পড়ে অবৈধ পথে ভারতে মানব পাচার ও চোরাকারবারের সাথে। প্রায় ৫ বছর আগে নালিতাবাড়ী উপজেলার বারমারী এলাকার ইয়ারসন রংদীর মেয়ে ডেলটা চিরানকে বিয়ে করে সে। গারো আদিবাসীদের রীতি অনুযায়ী শ^শুর বাড়ি বসবাসের নিয়ম থাকলেও এখানে স্থায়ী ছিল না ফিলিপ। প্রায় অর্ধেক সময় থাকতো নিজের পিত্রালয় ভুটিয়াপাড়ায়। এখানে থেকেই মানব পাচার ও চোরাকারবারী চালাতো সে। আওয়ামী লীগের সাবেক এমপি জুয়েল আরেং সংসদ সদস্য থাকাকালে তার পরোক্ষ মদদে হালুয়াঘাট সীমান্তে ব্যাপকহারে বৃদ্ধি পায় চোরাচালান। এ চোরাচালানের হোতাদের মধ্যে অন্যতম হলো ফিলিপ ও তার সিন্ডিকেট।
স্থানীয় তথ্যমতে, ফিলিপ ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট হিসেবে কাজ করে বলে জানা গেছে। এ চক্রে পাওয়া গেছে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেনের নামও। মূলত বিল্লাল হোসেন হলো এ ‘সীমান্তের ডন’ হিসেবে পরিচিত। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তার যেমন যোগাযোগ রয়েছে, তেমনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী থেকে উপর মহলেও তার বড় ধরণের যোগাযোগ রয়েছে। ভারতে কোন বাংলাদেশী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলে বিল্লাল হোসেন এর ‘একটি ফোনই যথেষ্ট’ এমন কথাও শোনা যায় এলাকায়। বিএসএফ থেকে ভারতীয় ‘র’ এর এজেন্ট হিসেবে কাজ করে বিল্লাল হোসেন।
এলাকাবাসী জানিয়েছেন, মাধ্যমিকে পড়াশোনা অবস্থায় একটি চুরির ঘটনায় ফিলিপ স্নাল জড়িয়ে পরে এবং এর পরপরই সে পড়াশোনায় ইতি টানে। পরবর্তীতে জড়িয়ে পড়ে চোরাকারবারী ও মানব পাচারে। বিশেষ করে, ৫ আগস্টের পর ভুটিয়াপাড়া সীমান্ত পথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ফিলিপ ও তার সিন্ডিকেটের হাত ধরে অবৈধভাবে ভারতে পালিয়ে যায়। তথ্যমতে, প্রথমে ফিলিপ এর বাড়িতে আশ্রয় নেয়। তারপর সময়-সুযোগ বুঝে ভারতে পালিয়ে যায় নেতাকর্মীরা। পাচার করা হয় অন্যান্যদেরও।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, ৫ আগস্টের পর বিভিন্ন সময় ফিলিপ ও তার সহযোগীদের সাথে অপরিচিত লোকজন আসতো। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাঁটা তারের বেড়া ডিঙিয়ে, কখনো নদীপথে কখনো বা কাঁটা তারের বেড়ার নিচে থাকা পানি প্রবাহের সুরঙ্গ পথে (রিং কালভার্ট) মানব পাচার করা হতো। কখনো কখনো মানব পাচারের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেদের মাঝে মতানৈক্য তৈরি হলে নিজে থেকেই তারা মানব পাচারের কথা অন্যদের বলে দিতো।
এলাকাবাসী আরও জানান, ৫ আগস্টের পর ভুটিয়াপাড়া সীমান্ত অনেকটা অরক্ষিত হয়ে পড়ে। বিশেষ করে, আওয়ামী লীগের কেউ সীমানা পেরিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সামনে পড়লেও রাজনৈতিক কারণ দেখালে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা নিরাপদে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছে।
স্থানীয় শুক্কুর আলী ও আব্দুর রাজ্জাকসহ অনেকে জানান, ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত অনেক সহজ। ফলে সবসময়ই অবৈধ যাতায়াত ছিল অনেকের। বিশেষ করে, চোরাকারবারীদের জন্য ছিল এ পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিরাপদ। ফিলিপসহ চোরাকারবারী সিন্ডিকেট এতোটাই ভয়ানক ছিল যে, এলাকার কেউ প্রকাশ্যে তাদের বিরুদ্ধে মুখ খোলতে সাহস পান না। তারা মানুষকে বিভিন্ন সময় ভয়-ভীতি দেখাতো।
সরেজমিনে দেখা যায়, ফিলিপের বাড়ির দক্ষিণে ঘোরাঘাট নদী ও উত্তরে মাত্র প্রায় দুইশ মিটার দূরত্বে ভারতের কাঁটা তারের বেড়া। ফিলিপের বাড়ির উত্তরে আর কোন বাড়ি নেই। দুটি ফসলি জমির পরই ভারতের শুণ্যরেখা। এরপর কাঁটা তারের বেড়া। বেড়ার বিভিন্ন অংশে নিচ দিয়ে রয়েছে বেশ কয়েকটি রিং কালভার্ট। এসব রিং কালভার্টের নিচ দিয়ে ভারতে বৃষ্টি হলে পানি গড়িয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসব রিং কালভার্টকে স্থানীয়রা সুরঙ্গ বলে থাকেন। সুরঙ্গের উপর দিয়ে চলে গেছে ভারতের পাকা রাস্তা। নিচের ওইসব সুরঙ্গই হলো মানব পাচার ও চোরাকারবারের নিরাপদ রুট।
এছাড়াও বাড়ির পাশ দিয়ে বয়ে আসা ভারতীয় ছোট নদী ঘোরাঘাট নদী পথেও ভারতে অবাধ যাতায়াত করা যায়। অনেক সময় ফিলিপের বাড়ির কাছাকাছি থাকা ভারতীয় স্টিলের গেইট টপকেও অনেকে যাতায়াত করেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্রগুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, ওসমান হাদীকে হত্যা চেষ্টায় অভিযুক্ত দুইজনকে শুক্রবার রাতে ভারতে পাঠিয়ে রাতেই শ্বশুর বাড়ি নালিতাবাড়ীর বারমারীতে চলে আসে ফিলিপ। এখানে এসে সে নিরাপদেই ছিল। অন্যান্য সময়ের মতো শনিবার সন্ধ্যা রাতেও মামা শ্বশুর বেঞ্জামিন চিরান (৪৫) ও একই এলাকার নিকোলাস রেমার ছেলে ঘনিষ্ঠ বন্ধু চিসল নেংমিনজা (২৮)র সাথে আড্ডা দিয়েছিল। তখনো বারমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা আশপাশেই অবস্থান করছিল। তবে তারা ফিলিপের পরিচয় সনাক্ত করতে পারেনি বলে আটক করতে পারেনি, এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে শনিবার রাতে ফিলিপের বাড়ি ভুটিয়াপাড়ায় ডিবি পুলিশ ও বিজিবি অভিযান চালালে ফিলিপের কাছে সংবাদ চলে আসে। আর তখন ফিলিপ শ্বশুর বাড়ি থেকে গা ঢাকা দেয়। এখানে ফিলিপকে না পেলেও সহযোগী সঞ্জয় চিরানকে আটক করা হয়। এরপর ফিলিপকে না পেয়ে আভিযানিক দলটি শ্বশুর বাড়ি নালিতাবাড়ীর বারমারীতে চলে আসে। তবে আগে থেকেই খবর পেয়ে যাওয়ায় মধ্যরাতে শ্বশুর বাড়ি অভিযানকালে ফিলিপকে আটক করতে ব্যর্থ হয় আভিযানিক দল। এমতাবস্থায় তার স্ত্রী ডেলটা ও শ^শুর ইয়ারসন রংদীরকে আটক করা হয়। এরপর একই এলাকায় ফিলিপের শ্বশুর বাড়ির আত্মীয় সাবেক ট্রাইবাল চেয়ারম্যান লুইস নেংমিনজাকেও আটক করা হয়। তবে তার কোন সম্পৃক্ততার প্রমাণ পায়নি ডিবি ও বিজিবি। ফলে পরদিন লুইস নেংনিজাকে নালিতাবাড়ী থানা পুলিশের হাতে সোপর্দ করা হলে উপজেলা আওয়ামী লীগের পদে থাকায় পুলিশ তাকে ৫ আগস্টের নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়।
বারমারী এলাকার লোকজন জানান, ফিলিপের সহযোগী হিসেবে বারমারী এলাকা থেকে সোমবার সকালে মামা শ্বশুর বেঞ্জামিন চিরান ও বন্ধু চিসলকে আটক করে নিয়ে যায় বিজিবি। মূলত শ্বশুর বাড়ি থাকাবস্থায় ফিলিপ তাদের সাথে ওঠাবসা করতো। তবে এ দুইজনের বিষয়ে এলাকায় কোন অপরাধের সাথে সম্পৃক্ততার তথ্য নেই। এমনকি বেঞ্জামিন ও চিসল নিরীহ প্রকৃতির মানুষ বলেও সাক্ষ্য দেন এলাকাবাসী। এরমধ্যে দুজনই ঢাকায় বেসরকারী কোম্পানীতে শ্রমিকের কাজ করতো। গেল অক্টোবরে খ্রীষ্টানদের ধর্মীয় উৎসব বারোমারী তীর্থের আগে বাড়ি এসে আর যায়নি। ওসমান হাদীর শুটারদের ভারতে পালিয়ে যাওয়ায় ঘটনায় সম্পৃক্ততা দেখিয়ে অত্যন্ত দরিদ্র এ দুইজনকে গ্রেফতারের বিষয়টি প্রশাসনের অনেকটা ‘চাপ সামলানোর’ হাতিয়ার হিসেবে দেখছেন এলাকাবাসী।
ফিলিপ স্নাল ও তার সহযোগী সঞ্জয় চিরান এর বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, “আমি গত ১০ তারিখে এ থানায় যোগদান করেছি। সে কারণে তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখব এবং তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
ময়নসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে সোমবার এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ওসমান হাদির ওপর গুলি বর্ষণের পর অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ বিজিবির অধীন সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। হামলায় অভিযুক্ত ব্যক্তিরা এ অঞ্চল দিয়ে ভারতে পালালে ফিলিপ ভালো বলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।