
বাংলার কাগজ প্রতিবেদক : নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনের সাড়িতে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা রেজাউল করিমের মরদেহ বিকেল পাঁচটায় তার নিজ উপজেলা শ্রীবরদীতে পৌছে। এরপর শ্রীবরদী কলেজ মাঠে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার নেতাকর্মী জড়িত বিএনপি নেতাকর্মীদের বিচারের দাবীতে শ্লোগান দেয়। কয়েক হাজার জনতার ঢল নামে রেজাউল করিমের জানাযায়। রাত সাড়ে আটটায় নিজ গ্রাম গোপালখিলায় দ্বিতীয় জানাযা শেষে নিজ বাড়িতে দাফন করা হয় জামায়াত নেতা রেজাউল করিমকে।
এদিকে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার ঘটনায় ঝিনাইগাতি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। রাতেই মামলা গ্রহণ করে আইনী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার আকরামুল হোসেন। তবে এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠেছে।
অন্যদিকে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যুর ঘটনায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল এবং ওসি নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল বুধবার বিকেল তিনটার দিকে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠান শুরুর আগেই বসে থাকা জামায়াত নেতাকর্মীদের উঠিয়ে বিএনপির নেতাকর্মীরা বসতে চাইলে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। মুহূর্তেই তা দুইপক্ষের সংঘর্ষে রূপ নেয় এবং অনেকে আহত হন।
এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ঝিনাইগাতি বাজারে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নেয় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে মিনি স্টেডিয়ামে জামায়াতের নেতাকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। একপর্যায়ে প্রশাসনের সহযোগিতা চেয়ে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর সন্ধ্যার আগেই ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঝিনাইগাতি বাজার রাস্তার ধরে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করেন নেতাকর্মীরা। এসময় সেনাবাহিনী, পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলকে বিকল্প পথে ফিরে যেতে অনুরোধ করেন। তবে বিকল্প পথে যেতে রাজী না হয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে তিনি তার নেতাকর্মীদের নিয়ে প্রধান সড়ক দিয়ে চলে যাওয়ার প্রস্তাব দেন। নুরুজ্জামান বাদল বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে হ্যান্ড মাইকে শান্ত থেকে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের ঘোষণা দিয়ে এগিয়ে যান। এতে বিএনপির নেতৃবৃন্দ নুরুজ্জামান বাদলকে বিকল্প পথে যেতে অনুরোধ করেন। তবে নুরুজ্জামান বাদল পাল্টা অনুরোধ করে শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীদের মুখোমুখি হলে বিএনপি নেতাকর্মীরা জামায়াতের উপর হামলা চালায়। এতে প্রথমে জামায়াত পিছু হটলেও পরে পাল্টা হামলা চালায়। সন্ধ্যা ছয়টা থেকে প্রায় আটটা পর্যন্ত চলা দফায় দফায় এ সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষকালে বিএনপি কর্মীরা শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারী রেজাউল করিমকে পিটিয়ে রাস্তায় ফেলে রাখে। এর কিছু সময় পর তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ নেওয়ার পথে রাত নয়টা বিশ মিনিটের দিকে মারা যান তিনি। এ সংঘর্ষে আহত হন এক সেনা সদস্যসহ দুইপক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী।
এদিকে সংঘর্ষের পর থেকেই ঝিনাইগাতি, শ্রীবরদীসহ পুরো জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গা ঢাকা দেয় সঘর্ষে জড়ানো বিএনপি নেতাকর্মীরা। রাতেই জামায়াতের উদ্যোগে শেরপুর শহরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ^বিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে। পুরো জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে।
এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতি উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শেরপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। এসময় তিনি সংঘর্ষের জন্য জামায়াতকে দোষারোপ করে বলেন, জামায়াত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
অন্যদিকে শ্রীবরদীতে রাতে সংবাদ সম্মেলন করে রেজাউল করিম হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে দ্রæত জড়িতদের গ্রেফতারের দাবী জানান শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল জানান, সংঘর্ষের ঘটনায় স্থানীয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। তারা উদ্যোগ নিলে এমন ঘটনা ঘটতো না। এসময় তিনি ঝিনাইগাতি
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়ী করে বলেন, ইউএনও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা না দিয়ে নিস্ক্রীয় করে রেখেছিলেন। তার কাছে সহযোগিতা চাওয়া হলেও তিনি সহযোগিতা করেননি। তার নিস্ক্রীয়তার কারণেই এ হত্যাকাÐ ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অভিযোগ এনে জানান, প্রকাশ্যে পিটিয়ে আমাদের নেতাকে হত্যা করা হলো। যার ভিডিও ফুটেজ সবাই দেখেছেন। এরপর এখনো পর্যন্ত একজন আসামীকেও গ্রেফতার করেনি পুলিশ।
এ বিষয়ে শেরপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল জানান, উপজেলা প্রশাসন সব দলের প্রার্থীকে ইশতেহার পাঠ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, যা শুরু হওয়ার কথা ছিল বেলা আড়াইটায়। যেখানে চেয়ার ক্যাপাসিটিও ছিল মাত্র ৫শ। কিন্তু জামায়াতের নেতাকর্মীরা দুপুরে সাড়ে বারোটা থেকে অনুষ্ঠানস্থলে গিয়ে সব চেয়ারে বসে পড়েন। পরবর্তীতে আমাদের নেতাকর্মীরা গিয়ে বসার জায়গা না পেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা কিছু চেয়ার ছেড়ে দিতে বলেন। কিন্তু জামায়াতের নেতাকর্মীরা চেয়ার ছাড়তে রাজি না হওয়ায় অনাকাঙ্খিতভাবে ঘটনাটি ঘটে এবং বিএনপির প্রায় ৩০ জন নেতাকর্মী জামায়াতের হামলায় আহত হয়। এতে বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। এসময় জামায়াতের প্রার্থীকে আমাদের এবং প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা সত্বেও তারা বিকল্প পথে যেতে রাজি হননি। উল্টো দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যেতে চাইলে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টাধাওয়া এবং সংঘর্ষ হয়।
তিনি বলেন, কোন মৃত্যুই কাম্য নয়। সব ঘটনার ভিডিও ফুটেজ আছে। যারা প্রকৃত দোষী তাদের বিচার হোক- এটি আমিও চাই। এসময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেন। তিনি আরও বলেন, অনুষ্ঠানে চেয়ারগুলো একসাথে না বসিয়ে বিভিন্ন দলের জন্য আলাদা করে রাখলে এ ঘটনা এড়ানো যেতো।
শেরপুর জেলা পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, রাতে মামলা গ্রহণ করা হবে। বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলায় আসামী কারা হতে পারেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এজাহার দায়ের করা পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।