
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের কর্মকর্তারা। একটি অগভীর ডোবায় পড়ে থাকা হাতির শাবকের মরদেহের পাশে টানা তিন দিন ধরে শোকে কাতর হয়ে পাহারা দিয়েছে একটি হাতি দম্পতি। ঘটনাটি ঘটে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়া এলাকায়। স্থানীয় দিপঙ্কর চাকমা জানান, গত মঙ্গলবার একটি টিলার পাদদেশে ঘোলা পানির ডোবায় শাবকটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়, যার বেশিরভাগ অংশ পানিতে ডুবে ছিল।
মরদেহের পাশেই ডোবার জলে অর্ধেক শরীর ডুবিয়ে দাঁড়িয়ে ছিল মা হাতি। কিছুটা দূরে ডোবার কিনারায় অবস্থান নেয় একটি পুরুষ হাতি। তিন দিন ধরে তারা শাবকটির পাশ ছাড়েনি। রাতে পুরুষ হাতিটি খাবারের সন্ধানে জঙ্গলে গেলেও আবার ফিরে এসে একই স্থানে অবস্থান নেয়। একইভাবে মা হাতিও স্বল্প সময়ের জন্য খাবার সংগ্রহ করে আবার শাবকের কাছে ফিরে আসে।
বটতলা মুসলিমপাড়া এলাকা নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। যদিও এটি বান্দরবান জেলার অন্তর্ভুক্ত, তবে সংশ্লিষ্ট বনাঞ্চল কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জের অধীনে।
নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. তানভীর চৌধুরী জানান, তিন দিন আগে মিয়ানমার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় শাবকটির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে মা ও বাবা হাতির পাহারার কারণে তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি অনুকূলে এলে শাবকটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, দুর্গম পাহাড়ি এলাকা ও সীমান্তবর্তী অবস্থানের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। পাশাপাশি হাতি দম্পতির উপস্থিতির কারণে ঝুঁকি নিয়ে কাজ করা সম্ভব হয়নি।
বন বিভাগ জানায়, সোনাইছড়ি এলাকা দিয়ে হাতির একটি চলাচলের পথ (করিডোর) রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই পথে চলাচলের সময় টিলা থেকে পড়ে ডোবায় পড়ে শাবকটির মৃত্যু হয়েছে। শাবকটির বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।