
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকে খুঁজে পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি একজন কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই এর দ্বিতীয় ক্রু’কে তুমুল গোলাগুলির পর উদ্ধার করা হয়েছে। তবে এখনো উদ্ধার অভিযান চলছে।
নিখোঁজ ক্রু সদস্যকে নিশ্চিত উদ্ধার করা হলেও তিনি এখনো নিরাপদে নেই। উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে বলে জানান কর্মকর্তারা।
শুক্রবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রু’কে খুঁজতে তল্লাশি শুরু করে মার্কিন বাহিনী। ওই ক্রু’কে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে।
যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানায়, নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।
অন্যদিকে ওই নিখোঁজ মার্কিন পাইলটকে পেতে ইরানও ব্যাপক তল্লাশি শুরু করে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করে ইরান।
তবে সর্বশেষ খবর অনুযায়ী, মার্কিন বাহিনী ওই পাইলটকে উদ্ধার করেছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।