1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ঢাকা : বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দেওয়ার কার্যক্রম আসন্ন সপ্তাহগুলোতে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি।

উপদেষ্টা জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে ইতিবাচক দিকে নিতে হলে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। ভালো মানসিকতা নিয়ে কাজ করলে এই সম্পর্ক অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব এবং বর্তমান সরকার একটি সুন্দর শুরুর অপেক্ষায় আছে।

তিনি উল্লেখ করেন, বিএনপি দেশের জাতীয় স্বার্থ রক্ষা করেই আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছে এবং জনগণের শক্তিশালী ম্যান্ডেট থাকায় সরকার বৈশ্বিক অঙ্গনে আরও সুদৃঢ় অবস্থান নিতে সক্ষম হচ্ছে। গত ৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির দিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এসব দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই।

তিনি শেখ হাসিনাকে ‘পালিয়ে যাওয়া সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে বলেন, ভারতে তার অবস্থান করাটা একটি চ্যালেঞ্জিং বিষয়। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। উপদেষ্টার মতে, দেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও ভিসা কেন্দ্রগুলোতে বিভিন্ন সময়ে বিক্ষোভের ঘটনা ঘটে। এর ফলে ভারত নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।

পরবর্তীতে জরুরি চিকিৎসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে ভিসা ইস্যু করা প্রায় বন্ধ ছিল এবং বর্তমানে পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকরা জরুরি চিকিৎসা এবং বাণিজ্যিক প্রয়োজনে ভারতে যাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com