1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর আজ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আবার শুরু হচ্ছে। প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষার হলে ফিরছে এ বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী। একই সঙ্গে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে নেওয়া হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা অংশ নেবেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায়।

বন্যার কারণে সৃষ্ট দুর্ভোগ, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগের সমস্যার কথা বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের স্থগিত থাকা পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। ফলে পরীক্ষার্থীরা এখন থেকে নিয়মিত কার্যকর রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষায় অংশ নেবেন। তবে স্থগিতাদেশের আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলো নতুন সূচি প্রকাশ করে পরে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ ছিল। তবে এ সময় দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলমান ছিল।

চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন, যারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। সারা দেশে এ পরীক্ষার জন্য নির্ধারিত হয়েছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com