1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণসহ ৩ জন আটক

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (প্রায় ৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্লিখিত ব্যক্তিরা কৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন- মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯) মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলা, মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) নোয়াখালী জেলার সুধারাম উপজেলা এবং মো. শাওন (৩৯) কুমিল্লা জেলার বরুড়া উপজেলা।

পরবর্তীতে, এয়ারপোর্ট এপিবিএন কার্যালয়ে আটক করা ১ নম্বর ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর বস্তুগুলো স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত করা হয়।

উদ্ধার করা স্বর্ণের পেস্টগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। স্বর্ণগুলো চোরাচালানের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের জন্য অভিনব কৌশলে শরীরের সঙ্গে লুকিয়ে বহন করা হচ্ছিল।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ১ নম্বর আটক ব্যক্তি সৌদি আরবে নিয়মিত আসা-যাওয়া করেন এবং সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে ২ ও ৩ নম্বর আটক ব্যক্তিসহ বাংলাদেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় সম্মিলিতভাবে স্বর্ণ চোরাচালান করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আটক ব্যক্তিরা অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ বাংলাদেশে এনে নিজ হেফাজতে রাখার মাধ্যমে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় অপরাধ করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, ‘এয়ারপোর্ট আর্মড পুলিশ যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বরাবরই অত্যন্ত সক্রিয় ও কঠোর অবস্থান গ্রহণ করে আসছে। গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি, একটি চক্র পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণ, যা প্রায় ৬৪৩ ভরি, উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্রের তিনজন সদস্যকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা শনাক্ত করতে আমরা বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। চোরাচালান ও অপরাধ দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com