1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার নকলায় শিশু ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেফতার শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার ওখানে মধু আছে, চুষলেই মজা লাগে: জামায়াত আমির অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাচ্ছে ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান জামালপুরে সড়ক দুর্ঘটনা সহকারী জজ নিহত

এসএসসির রেজাল্টের অপেক্ষায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, ফল প্রকাশ সকাল ১০টায়

  • আপডেট টাইম :: সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। একই সময়ে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফল প্রকাশ উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন। এরপর পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানান, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, নিজ নিজ বোর্ডের ফল পাওয়া যাবে। এছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd—থেকেও ফল জানা যাবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এই চার্জের মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএসের ফরম্যাট হবে ‘SSC DHA ROLL YEAR’। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ক্ষেত্রে ‘SSC MAD ROLL YEAR’ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের ক্ষেত্রে ‘SSC TEC ROLL YEAR’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ১৬২২২ নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলও আজ সকাল ১০টায় স্ব স্ব প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Result কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান কোড ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক Result Sheet ডাউনলোড করা যাবে।

এছাড়া result.bteb.gov.bd, educationboardresults.gov.bd ও eduboardresult.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে গ্রেডভিত্তিক Transcript পাওয়া যাবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, দাখিল পরীক্ষার ফলও আজ (সোমবার) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইট bmeb.gov.bd-এর ‘অনলাইন সেবা-০১’ কর্নারে গিয়ে ‘দাখিল পরীক্ষা ২০২৬’–এ ক্লিক করেও ফল জানা যাবে। এছাড়া ebmeb.gov.bd ওয়েবসাইটে ‘DakhileRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করলে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার Result Sheet ডাউনলোড করা যাবে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

এবার এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।

ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, ফলাফল জানতে পরীক্ষার্থীদের নির্ধারিত অনলাইন মাধ্যম, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com