1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

মেটায় ভাষা প্রকৌশলী কুষ্টিয়া মৌ

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরের মেয়ে নীলিমা হাকিম মৌ বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় (Meta) ভাষা প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন। ভাষাবিজ্ঞান, গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তার এই অর্জনে গর্বিত মিরপুরবাসী।

নীলিমা হাকিম মৌ উপজেলার সদরপুর ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের আব্দুল হাকিমের জ্যেষ্ঠ কন্যা। তাঁর শিক্ষাজীবনের শুরু আমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং আমলা সরকারি কলেজ ও চুয়াডাঙ্গা সরকারি মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

পরবর্তীতে নীলিমার উচ্চশিক্ষার পথচলা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে। সেখানে তিনি ২০১৬ সালে স্নাতক (সম্মান) এবং ২০১৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

বর্তমানে তিনি জর্জ ম্যাসন ইউনিভার্সিটিতে ভাষাবিজ্ঞানে পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন। তার গবেষণার অন্যতম ক্ষেত্র ভাষা সংরক্ষণ ও পুনরুজ্জীবন, সমাজভাষাবিজ্ঞান, গণনামূলক ভাষাবিজ্ঞান, দ্বিতীয় ভাষা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর লেখালেখি।

ভাষাবিজ্ঞানকে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত করে দীর্ঘদিন ধরে গবেষণা ও প্রকাশনার কাজ করে আসছেন নীলিমা। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ভিজিটরসে স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মেটায় ভাষা প্রকৌশলী হিসেবে তার নতুন দায়িত্ব বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ভাষাবিজ্ঞানের গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বৃহৎ ভাষা মডেল (এলএলএম), স্বয়ংক্রিয় অনুবাদ ও বহুভাষিক প্রযুক্তির উন্নয়নে ভাষাবিজ্ঞানের জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নীলিমা হাকিম মৌয়ের এই অর্জন শুধু তার পরিবার নয়, মিরপুর তথা কুষ্টিয়াবাসীর জন্যও গর্বের। একই সঙ্গে মানবিক বিভাগের শিক্ষার্থী, গবেষক এবং উচ্চশিক্ষায় আগ্রহী তরুণদের জন্য তাঁর পথচলা হতে পারে অনুপ্রেরণার উজ্জ্বল উদাহরণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com