1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মাহিন্দ্রা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। এ সময় বাসটি প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দুটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের একটি বাস প্রথমে মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানা গেছে।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে বাসের এক যাত্রী বৃষ্টি আক্তার বলেন, বাসের চালক হঠাৎ অজ্ঞান হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এদিকে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশে প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়।

ত্রিশাল থানার এএসআই আব্দুল হালিম বলেন, ডিউটিরত অবস্থায় কাজীর শিমলা এলাকায় পৌঁছে ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজি ও মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা দেখতে পাই। এতে বাসটি উল্টে যায় এবং কয়েকজন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর রেকার দিয়ে যানবাহন সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। তবে বাসের চালক ও হেলপারের অবস্থা সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com