
ঢাকা : অটোরিকশার কারণে স্বাভাবিক গতি হারিয়েছে ঢাকা। তাই অটোরিকশাকে নীতিমালার আওতায় আনার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢাকা শহরে অটোরিকশা ক্রস করে ফেলেছে। তবে ব্যাটারিচালিত রিকশার নীতিমালার আলোকে প্রধান সড়কে চলাচল নিয়ন্ত্রন করতে হবে। তারাও এ পেশায় দীর্ঘদিন ধরে যুক্ত রয়েচে। ডেফিনেটলি তাদেরও কষ্ট হবে। কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে এই অব্যাবস্থাপনার উত্তরণ ঘটাতে হবে।
তিনি বলেন, ঢাকা শহরে অটোরিক্সা যেভাবে যত্রতত্র নিয়ন্ত্রনহীনভাবে চলাচল করছে তার নিয়ন্ত্রন করতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। তবে কাউকে ক্ষতিগ্রস্ত না করে, কোন গোষ্ঠীর স্বার্থে ঢাকা সিটিকে অকেজো হতে দেওয়া হবে না।
শেখ রবিউল আলম বলেন, সংস্কার শেষে লেকে আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। পরিবেশ উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রী দুইটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। লেকে ময়লা না ফেলতে এবং নিজ শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বর্ষায় জলাবদ্ধতাকে ঢাকার বড় সমস্যা উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী জানান, জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩৫০ কোটি টাকা নেওয়া হয়েছে।