
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সোমবার (১৯ অক্টোবর) জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক প্রথমে শেরপুর শহরের হরিজন পল্লি এলাকার নিউ উত্তরা সংঘ মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গাপূজা উপলক্ষে হরিজন সম্প্রদায়ের সদস্যদের বিশেষ অনুদান দেন। পরে তিনি শহরের অন্যান্য পূজামণ্ডপ এবং ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পূজা উদ্যাপন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিরাপদ ও শান্তিময় শেরপুর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।