
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:শেরপুরে জেলা প্রশাসনের গণশুনানিতে অংশ নিয়ে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেছেন ১২৪ জন সেবাপ্রার্থী। তাদের মধ্যে ৯৯ জন পেয়েছেন আর্থিক সহায়তা। এ ছাড়া একজনকে হুইলচেয়ার এবং একজনকে ওষুধ কেনার জন্য সহায়তা দেওয়া হয়েছে। অন্যদের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সরকারি কাজে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থান করায় তার পক্ষে শুনানি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের আবেদনে উঠে আসে চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও ভূমি-সংক্রান্ত নানা সমস্যার কথা। এ ছাড়া বিভিন্ন নাগরিক সেবা পেতে ভোগান্তির বিষয়েও অভিযোগ জানান সেবাপ্রার্থীরা।
শুনানিতে অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যেকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। সমস্যার ধরন অনুযায়ী কাউকে তাৎক্ষণিক সহায়তা, কাউকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি যেসব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব হয়নি, সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৯৯ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন বিবেচনায় একজনকে হুইলচেয়ার এবং একজনকে ওষুধ কেনার সহায়তা দেওয়া হয়।
জনসাধারণের সমস্যা সরাসরি শুনে সরকারি সেবা সহজলভ্য করা এবং দ্রুত প্রতিকারের উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে শেরপুর জেলা প্রশাসন নিয়মিত এ ধরনের গণশুনানির আয়োজন করে আসছে।