
বাংলার কাগজ ডেস্ক: বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রাথমিকের ১০ লাখের কিছু বেশি এবং মাধ্যমিকের প্রায় ২৫ শতাংশ বই ছাপানো বাকি রয়েছে। ডিসেম্বরের মধ্যেই সব বই ছাপানো শেষ হবে বলে আশা করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বই সরবরাহও শুরু হয়েছে।
ছাপাখানাগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। কেউ ছাপা কাগজ ভাঁজ করছেন, কেউ মিলিয়ে নিচ্ছেন ফর্মার হিসাব। এরপর কয়েকটি ফর্মা একত্র করে তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ বই। যেসব প্রতিষ্ঠান বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ পেয়েছে, সেগুলোর বেশিরভাগেরই কাজ প্রায় শেষ। বাকি কাজ দ্রুত শেষ করে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে চায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
এবার বিদ্যালয় ও মাদরাসা মিলিয়ে প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপানো হচ্ছে। এরই মধ্যে ছাপানো বই জেলা ও উপজেলা পর্যায়ে পাঠানো শুরু হয়েছে।
এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) মো. আবু নাসের টুকু বলেন, প্রাথমিকের প্রায় সব বই চলে গেছে। আশা করা হচ্ছে, ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিকের বইও সরবরাহ করা সম্ভব হবে। বইয়ের গুণগত মানের বিষয়েও সরকার নজর রাখছে। শিক্ষার্থীদের হাতে যেন সঠিক তথ্যসম্বলিত বই পৌঁছায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
গত কয়েক বছর নানা জটিলতায় বছরের শুরুতে সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হয়নি। নামমাত্র বই উৎসব হলেও অনেক শিক্ষার্থীকে অপেক্ষা করতে হয়েছে বাকি বইয়ের জন্য। সেই তুলনায় এবার ছাপার কাজে অগ্রগতি ভালো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে এবার পাঠ্যবই ছাপানোর খরচ বেড়েছে। পাশাপাশি ক্রয়াদেশ দেওয়ার আগেই দরপত্রের কাঙ্ক্ষিত দর ফাঁসের অভিযোগ ওঠে, যা নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করে। পরে নতুন করে দরপত্র আহ্বান করতে হয়।
এ বিষয়ে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, এ বছরের মূল সংকট স্বচ্ছতা ও জবাবদিহির অভাব। তার অভিযোগ, দরপত্র প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সরকারি অর্থের অপচয় হয়েছে। বইয়ের গুণগত মান নিয়েও উদ্বেগ রয়েছে। কিছু প্রতিষ্ঠানকে চাপ দিয়ে ভালো কাজ করানোর চেষ্টা হলেও বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ছাড় দেয়া হচ্ছে। এ ছাড়া সক্ষমতার বাইরে থাকা কিছু প্রতিষ্ঠানকেও কাজ দেওয়া হয়েছে, এতে নিম্নমানের বই ছাপার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, এবার বই উৎসবের মাধ্যমে পাঠ্যবই বিতরণ করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
প্রতিবছর ছাপানো পাঠ্যবইয়ের মান যাচাইয়ের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান ও নজরদারির ব্যবস্থা থাকলেও নিম্নমানের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর অভিযোগ ওঠে। এবারও শেষ পর্যন্ত বইয়ের গুণগত মান কতটা নিশ্চিত করা যায়, সেটিই এখন দেখার বিষয়।
সূত্র: চ্যানেল ২৪