
বাংলার কাগজ ডেস্ক : শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডেও শিশুদের দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়ায় ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে হাসি-গল্পে মেতে ওঠেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে কেমন শিক্ষা দেওয়া প্রয়োজন, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা, নাচ-গান, সংস্কৃতিচর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে বিদ্যালয়গুলোতে স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যেসব বিদ্যালয়ে খেলার মাঠ নেই, সেসব বিদ্যালয়েও ছোট ছোট খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। খেলাধুলার সুযোগ থেকে কোনো শিক্ষার্থীকে বঞ্চিত রাখা যাবে না।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেসব বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ভাঙাচোরা অবস্থায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে। শিশুদের জন্য সুন্দর, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রকৃতিনির্ভর এমন পাঠশালা সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। খোলামেলা পরিবেশে কাঠ, বাঁশ ও খড় দিয়ে তৈরি করা হয়েছে পাঠশালাটি। ছনের ঘর, বাঁশের বেড়া এবং চারপাশের সবুজ প্রকৃতির সমন্বয়ে গড়ে ওঠা এ পাঠশালায় প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি গাছপালা, পাখি, পরিবেশ, নৈতিকতা, মূল্যবোধ ও বাস্তব জীবনের নানা বিষয় সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পাবে শিশুরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এ সময় প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।