
সাতক্ষীরা : সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুন) সকালে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের চিকিৎসক মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। আর ১৮৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি জানান, জেলায় গত বছরের জুন থেকে আজ পযর্ন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৩৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ জন।
সাতক্ষীরা সিভিল সার্জস অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বলেন,‘জেলায় আজ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮৮ জন। এখন ১ হাজার ১৫৮ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে ২৭৪ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৮৮৪ জন হোম আইসোলেশনে আছেন।’