
ফরিদপুর : ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় অক্সিজেনের অভাবে চারজন রোগীর মৃত্যু হয়েছে। মাত্র দশ মিনিটের মধ্যে এসব রোগী অক্সিজেনের অভাবে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এছাড়াও গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে আরো ৮জন সহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।
নিহত রোগীর স্বজনেরা অভিযোগ করে বলেন, রোগীর অক্সিজেনের কারনে তাদের রোগীর মৃত্যু হয়েছে। গতরাতে হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিলে তারা বিভিন্ন ক্লিনিকে ঘুরেও অক্সিজেন সংগ্রহ করতে পারেনি। ফলে তাদের রোগী মৃত্যুর কোলর ঢলে পড়েন।
হাসপাতালের আইসিইউতে প্রত্যক্ষদর্শী সূত্র জানান, তাঁর বৃদ্ধা মা ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি। আজ শুক্রবার সকাল ১০টার দিকে আকস্মিকভাবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জরুরি ভিত্তিতে অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করতে বলেন। এসময় অক্সিজেন সরবরাহে বিঘ্ন হওয়ায় কিছু রোগী মারা যাবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এর দশ মিনিটের মধ্যেই চারজন রোগী মারা যান। বিষয়টি খুবই মর্মান্তিক।
ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. অনন্ত কুমার বিশ্বাস বলেন, হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় অক্সিজেন কমে গেলে নতুন করে অক্সিজেন ঢোকাতে হয়। এজন্য কিছু সময় নেয়।
তিনি বলেন, নতুন করে অক্সিজেন প্রবেশের সময় অক্সিজেনের চাপ বেড়ে যেতে পারে এজন্য কমিয়ে নেয়া হয়। একারণে ওই সময়ে অক্সিজেনের অভাবে এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে, করোনা ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেনের অভাবে চারজনের মৃত্যুর খবরে সেখানে সাধারণ রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের মাছে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১৬টি। সবকটিই চালু রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।
গত ২৪ ঘন্টায় ফরিদপুরে ৩৩৭ টি টেষ্টের মধ্যে ১৬৭ জনের করোনা পজেটিভ হয়েছে। যা সনাক্তের হার বিবেচনায় ৫২ দশমিক ২২ শতাংশ।